দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে অননুমোদিত বিদেশি ওষুধ, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজারটিতে ফার্মেসি, মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স লিবার্টি মেডিকেল হলে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে তাপ সংবেদনশীল ওষুধ, যেমন ভ্যাকসিন ও ইনসুলিন, ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। এছাড়া অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স খাজুরা স্টোরকে আগে সতর্ক করা হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে আইনের ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিম্নমানের ও অননুমোদিত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে কৃষি বিপণন অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/